আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গোয়েন্দবৃত্তির অভিযোগে মোসাদের সাবেক ২ সদস্যসহ মোট ৪ জায়নবাদীকে আটক করেছে রোমানিয়া পুলিশ। তাদেরকে বোখারেস্ট শহর থেকে আটক করা হয়েছে।
ঐ ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য একমাস আটক রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বোখারেস্ট আদালত।
আটককৃত ব্যক্তিদের ২ জন ইসরাইলি গোয়েন্দা কোম্পানি ব্ল্যাক কিউবে’র কর্মী এবং এরপূর্বে তারা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য ছিল। তারা রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌঁসুলি লরা কোনদ্রুতা কোভেসি'র বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর চেষ্টায় জড়িত।
বেসরকারি গোয়েন্দা কোম্পানি ব্ল্যাক কিউবে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনেক কর্মীও নিয়োজিত রয়েছে। আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে এবং তাদের ফরাসি পাসপোর্টও রয়েছে বলে জানা গেছে। রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌঁসুলির দফতরের মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে।
ইসরাইলের এক প্রতিবেদনের ভিত্তিতে মোসাদের সাবেক প্রধান মেইর ডাগান ঐ কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ঐ কোম্পানি’র অনারারি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি।
রোমানীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওর ভিত্তিতে জানা গেছে যে, আটককৃত ব্যক্তিদের দু’জন রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌঁসুলি লরা কোনদ্রুতা কোভেসি’র ই-মেইল হ্যাক করার চেষ্টা করেছে। এছাড়াতার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে ও হেনস্থা করেছে। লরা কোনদ্রুতা কোভেসিকে গত মাসে দ্বিতীয়বারের জন্য নিয়োগ দেয়া হয়। ঘুষবিরোধী কঠোর অবস্থানের জন্য বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। গত বছরই তার সংস্থার তৎপরতায় সাড়ে ১২০০মামলা হয়েছে। এর মধ্যে দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী এবং সাবেক পাঁচ মন্ত্রীও রয়েছেন।#

ফিলিস্তিনী গণমাধ্যম কর্তৃক প্রকাশিত আটক দুই গোয়েন্দার ছবি